হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। নৃশংসতার মাত্রা দিন দিন বেড়েই চলেছে পদ্মপারের দেশে। একের পর এক হিন্দু যুবকের প্রাণনাশের ঘটনা সামনে আসছে। এবার অভিযোগ উঠল এক ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যা করার।

এবার ঘটনাস্থল নরসিংদী। নিহতের নাম চঞ্চলচন্দ্র ভৌমিক। নরসিংদীতে একটি গাড়ির দোকানে কাজ করতেন বছর ২৩ এর চঞ্চল। নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় খানা বাড়ি মসজিদ মার্কেটের কাছে একটি গাড়ির দোকানে শুক্রবার গভীর রাতে আগুন লেগে যায়। অন্যান্য দিনের মতো কাজ সেরে দোকানেই ঘুমোচ্ছিলেন চঞ্চল। ভোরে ভেতর থেকে তার দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। দোকানের আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নরসিংদীর সদর মডেল থানার ওসি এআরএম আল মামুন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে ঘটনার সময় দোকানের আশেপাশে বেশ কয়েকজনকে দেখা গিয়েছে, তবে এই ঘটনার সঙ্গে তাদের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক। স্থানীয়দের অভিযোগ, দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ভেতরে পেট্রোল এবং মবিল মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, এখনো চিহ্নিত করা যায়নি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 25, 2026






