রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। শনিবার বিকেলেই বিচারের দাবিতে একত্র হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী সহ টলি পাড়ার বেশকিছু তারকা। ছিলেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। ঐদিন রাতেই প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে দীঘার কাছে তালসারিতে পৌঁছন প্রসেনজিৎ ও ঋতুপর্ণারা। শনিবার বিকেলে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন শান্তি লাল মুখোপাধ্যায়। জানা গেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায়সংহিতার ৬১(২) , ১০৬(১), ও ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে অভিযোগ দায়ের করেছেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সংগীতের ১০৬(১), ২৪০ ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। ম্যাজিক মোমেন্টস এর কর্ণধার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ওলীনা গঙ্গোপাধ্যায় সহ অন্যদের বিরুদ্ধে অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে এফআইআরে। অভিযোগ অনুযায়ী, তাঁরা পরিকল্পিতভাবে অবহেলা ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করছিলেন, যা ঝুঁকিপূর্ণ ছিল। এর ফলে অভিনেতার মৃত্যু ঘটে।

জানা গেছে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন মোট পাঁচজনের বিরুদ্ধে। এই পাঁচজন হলেন ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস্ এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় সহ , পরিচালক শুভাশিস মন্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। প্রশ্ন উঠছিল প্রিয়াঙ্কা অভিযোগ দায়ের করার ক্ষেত্রে এত বিলম্ব কেন করেছেন? তার উত্তরে প্রিয়াঙ্কা লিখেছেন, “আমি আমার স্বামীকে হারিয়েছি। মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। মানসিকভাবে বড় ধাক্কা পেয়েছি। কারণ, আমি ভাবতেই পারিনি আমি সত্যিই সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি, যিনি আমাকে সারা জীবন দিশা দেখিয়েছেন। যার ফলে এই অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।”
Bengal Times। Edited by: Priti Karmakar
Apr 06, 2026






