পুরীতে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। এই ঘটনা বেশ কয়েক মাস ধরেই ঘটে চলেছে। তবে এবার মিলল সুরাহা। গ্রেফতার করা হলো প্রতারককে। বাজেয়াপ্ত করা হলো প্রতারণার কাজে লাগানো মোবাইল , ল্যাপটপ এবং একটি পেন ড্রাইভ।

ঘটনার সূত্রপাত হয় গত বছরের মে মাসে। পুরীতে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার হন এক ব্যক্তি। যিনি ছিলেন কলকাতার হরিদেবপুরের বাসিন্দা। অনলাইনে পুরীহোটেলকলকাতাবুকিংগো নামে একটি ওয়েবসাইট থেকে দেবজ্যোতি মল্লিক নামের ওই ব্যক্তি হোটেল বুক করার চেষ্টা করছিলেন। কিন্তু ওয়েবসাইটটি আসলে ছিল ভুয়ো। নিজেকে অনুজকুমার শোলাঙ্কি পরিচয় দিয়ে এক যুবক ফোন করেন দেবজ্যোতিকে। এরপর অগ্রিম টাকা দেওয়ার জন্য মাত্র ১ টাকা পাঠাতে বলা হয় একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে। এরপর ইউপিআই মারফত লেনদেনের জন্য কোনো গোলযোগ হয়েছে বলে তাঁকে বাকি টাকাও আশিষ জানা নামের একটি অ্যাকাউন্টে পাঠাতে বলা হয় অগ্রিম হিসেবে। কথা বলো চার হাজার টাকা পাঠিয়ে দেন ওই ব্যক্তি। সম্পূর্ণ অর্থ প্রদানের পরেও বুকিং নিশ্চিত হয়নি বলে অভিযোগ করা হয়। এছাড়াও ওই নম্বরগুলিতে বার বার ফোন করলেও কোনো উত্তর মেলেনি। অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। প্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। ফলে সামনে আসে আসল তথ্য। বিভিন্ন নামীদামী হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে ৩০ জন গ্রাহককে ঠকিয়ে ১৩,৬০,৮০৩ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারকেরা। অবশেষে সোমবার গ্রেফতার করা হয় প্রতারককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম হুজাইফা সাবির। ৪১ বছরের ওই ব্যক্তি মহারাষ্ট্রের পুনের বাসিন্দা। সোমবার ভোর প্রায় তিনটে নাগাদ তাঁর অফিসে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 27, 2026






