লন্ডনে এক আট বছরের শিশু কপালে তিলক পরে স্কুলে আসায় , তাঁকে ব্যাখ্যা করতে বাধ্য করল ভিকার’স গ্রীন প্রাইমারি স্কুলের কর্মীরা। এমনটাই দাবি করেছে, ব্রিটিশ হিন্দু এবং প্রবাসী ভারতীয়দের সংগঠন ইনসাইট ইউকে। তাদের মতে, আট বছরের একটি শিশুর কাছে এরকম ভাবে ব্যাখ্যা চাওয়া অনুচিত। সংগঠনটির অভিযোগ , শিশুটি কপালে তিলক পরেছিল বলে টিফিনের সময়ও প্রধান শিক্ষক নজর রেখেছিলেন তার উপর। এর ফলে ভয় পেয়ে যায় শিশুটি। বাকি সঙ্গীদের থেকে, খেলাধুলা থেকে নিজেকে সরিয়ে নেয় শিশুটি। সংগঠনের আরো অভিযোগ, শিশুটিকে স্কুলে যেসব দায়িত্ব দেওয়া হয়েছিল , ধর্মাচরণের জন্য সেই সব থেকেও সরিয়ে নেওয়া হয়। ব্রিটেনের ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, আট বছরের শিশুটির সঙ্গে স্কুলে যা ঘটেছে, তাতে তার মনের ওপর প্রভাব ফেলতে পারে। ওই শিশুটির বাবা-মা এবং স্কুলে অন্যান্য হিন্দু পড়ুয়াদের অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছিলেন, যে তিলক কেন পরা হয়। সেটি আসলে কি। ওই অভিভাবকদের অভিযোগ, কর্তৃপক্ষ এ বিষয়ে কান দিতে চাননি। সংগঠনের অভিযোগ এর আগেও ধর্মাচরণের জন্য অন্তত চার জনকে স্কুল ছাড়তে বাধ্য করা হয়েছিল। এই অভিযোগ প্রমাণিত হলে তা ব্রিটেনের ২০১০ সালের সাম্য আইনের পরিপন্থী হবে।

New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 20, 2026






