পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন সকলে। এর মধ্যেই আফগানিস্তানে জোরালো হামলা চালালো পাক – বায়ুসেনা। যদিও আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে পশ্চিম এশিয়ার সামরিক সংঘাত শুরু হওয়ার আগে থেকেই। ফেব্রুয়ারির শেষ দিকে নতুন করে পাক-আফগান সীমান্তে উত্তেজনা ছড়ায়। এবার আফগানিস্তানে লাগাতার বোমাবর্ষণ চালায় পাকিস্তান। রাজধানী কাবুল-সহ বেশ কয়েকটি শহরে শুক্রবার ভোর থেকেই লাগাতার বোমাবর্ষণ করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়াও কন্দহর বিমানবন্দরের কাছেও তেলের ডিপোতে হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তালেবান সূত্রে খবর, বেছে বেছে জনবসতিপূর্ণ এলাকা গুলিকে নিশানা করেছে পাকিস্তান। হামলার বিষয়টি সুনিশ্চিত করেছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। তিনি জানিয়েছেন, কাবুলের পাশাপাশি কন্দহর, পক্তিয়া এবং পক্তিকাতেও বোমাবর্ষণ করা হয়েছে। এই হামলায় শিশু এবং মহিলা-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকেই।

তবে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তালিবান। তাঁদের দাবি , পাক সেনা যদি এখনই হামলা বন্ধ না করে, তাহলে এবার আরও বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে তাদের। তালিবান গভর্নরের মুখপাত্র হাজী জাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার পাকিস্তানের বড় শহরগুলিকে নিশানা করা হবে। উড়িয়ে দেওয়া হবে ইসলামাবাদ, করাচির মতো শহরগুলিকে। পাকিস্তানের বিরুদ্ধে তালিবান যখন অভিযোগ তোলে যে, তাদের দেশের সাধারণ নাগরিককে নিশানা করছে পাকিস্তান। তখন পাক সোনার তরফে পাল্টা দাবি করে বলা হয় জনবসতিপূর্ণ এলাকা নয়, আফগানিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আফগানিস্তান থেকে জঙ্গিরা লাগাতার পাকিস্তানের পরিবেশ অশান্ত করে তুলছে বলে দাবি করেছে পাকিস্তান। তাই দেশের এবং নাগরিকদের নিরাপত্তার স্বার্থে আফগানিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করেছে পাকিস্তান। আফগানিস্তানের দাবি, জেএফ ১৭ বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Mar 13, 2026






