সাধারণত, শিশুরা কিছু ভুলে গেলে তাকে একটু ধরিয়ে দিলেই তার আবার মনে পড়ে যায়। শিশুদের পড়ানোর সময় মা-বাবা থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও এটাই করেন। তবে ব্যাতিক্রম ঘটেছে উত্তরপ্রদেশের এক ব্যক্তির ক্ষেত্রে। একটি চার বছরের শিশুকে পিটিয়ে খুন করার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। আসল ঘটনাটা খোলসা করা যাক।

উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা কৃষ্ণ জয়সওয়াল। ফরিদাবাদে ভাড়া বাড়িতে থাকতেন স্ত্রী ও কন্যাকে নিয়ে। কৃষ্ণ এবং তার স্ত্রী দুজনেই ফরিদাবাদে বেসরকারি সংস্থায় কাজ করেন। দুজনেই পালা করে মেয়ের দেখাশোনা করতেন। গত ২১ জানুয়ারি মেয়েকে পড়াতে বসেছিলেন কৃষ্ণ। এক এক করে সমস্ত বিষয় পড়াচ্ছিলেন তিনি। এরপর অংক করাতে বসেন মেয়েকে। ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে দেন তাকে। কিন্তু কয়েকটি সংখ্যা লেখার পরই সে আর এগোতে পারছিল না, পরের সংখ্যা মনে পড়ছিল না তার। ফলে মেজাজ হারিয়ে ফেলেন তার বাবা অর্থাৎ কৃষ্ণ জয়সওয়াল। মেয়েকে মারধর করতে শুরু করেন তিনি। তার জেরেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের। সন্ধ্যায় কৃষ্ণের স্ত্রী বাড়িতে ফিরে মেয়ের দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং গ্রেপ্তার করে কৃষ্ণকে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 24, 2026






