বৃহস্পতিবার অনলাইনে হুমায়ুন কবিরের একটি কথিত ভিডিও ফাঁস হওয়ার পর পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যার জেরে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং স্বয়ং প্রাক্তন নেতার মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। টিএমসি অভিযোগ করেছে যে, ভিডিওটিতে কবিরকে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগসূত্র থাকার দাবি করতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করার কৌশল বর্ণনা করতে দেখা যাচ্ছে।ক্লিপটিতে করা দাবিগুলোর বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে দিয়ে তদন্ত করানোর দাবি জানিয়েছে। ভিডিওটিতে কথিতভাবে কবিরকেকে বলতে শোনা যাচ্ছে যে, মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে তিনি যে কোন পর্যায়ে যেতে প্রস্তুত এবং বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ এবং বিজেপি শাসিত রাজ্য গুলোর নেতাদের সঙ্গে সমন্বয়ের কথা উল্লেখ করতে শোনা গেছে বলে জানা যাচ্ছে। টিএমসি নেতাদের মতে, ভিডিওটিতে শাসকদলের কাছ থেকে সংখ্যালঘু ভোট সরিয়ে নেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এক হাজার কোটি টাকার একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে ২০০ কোটি টাকার অগ্রিম আর্থিক ব্যবস্থার দাবি করা হয়েছে। টিএমসির প্রবীণ নেতা ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন যে, সংখ্যালঘু ভোটারদের বিভ্রান্ত করার জন্য হুমায়ুন কবির বিজেপির সঙ্গে একযোগে কাজ করছিলেন। তিনি বলেন, ভিডিওটি নির্বাচনী ফলাফল কে প্রভাবিত করার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র উন্মোচন করে এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতিকে কাজে লাগানোর বিরুদ্ধে সতর্ক করেন। অন্যদিকে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “বিজেপি প্রক্সি ব্যবহার করে জনরায় কারচুপির চেষ্টা করছে। এই ভিডিওটি যদি সত্যি হয়, তবে তা আমাদের অভিযোগকেই প্রমাণ করে।” একই সাথে তিনি এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে তার দলের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। টিএমসির রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়ে বলেছেন, “আমরা এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টর দ্বারা তদন্তের দাবি জানাচ্ছি।”

তবে, হুমায়ুন কবীর এই অভিযোগগুলো খারিজ করে দিয়েছেন এবং ক্লিপটিকে বানোয়াট বলে আখ্যা দিয়েছেন। এটিকে পুরোপুরি মিথ্যা আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং টিএমসি তার বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়,” মুসলিমদের ভোট হারানোর ভয়ে টিএমসি আমাকে বদনাম করার চেষ্টা করছে। এআই এর মাধ্যমে কিছু বক্তব্য ঢুকিয়ে মুসলিমদের অনুভূতিকে উপহাস করে, এমন একটি ভুয়ো ভিডিও প্রকাশ করে তারা এই সম্প্রদায়কে অপমান করেছে।”
Bengali Times। Edited by: Priti Karmakar
Apr 10, 2026






