“এসি ঘরে বসে আমি কত বড় দাদা, কি দাদাগিরি করতে পারি – এসব ছেড়ে টেকনিশিয়ান দের কথা ভাবুন”, বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক টলিউড। বদলে গেল টলিউডের সমীকরণ।টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের স্বাস্থ্য সাথী কার্ড এর রেজিস্ট্রেশন শিবির অনুষ্ঠিত হয়েছে অভিনেতা দেবের উদ্যোগে। শনিবার এই রেজিস্ট্রেশন শিবিরকে কেন্দ্র করে দেব যেভাবে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব হলেন, তা দেখে রীতিমতো অবাক টলিপাড়া সহ সাধারণ জনগণও। দেবের স্পষ্ট কথা, “এসি ঘরে বসে টেকনিশিয়ানদের কষ্ট বোঝা যায় না।” এর আগে স্বরূপ বিশ্বাস দাবি করেছিলেন স্বাস্থ্য সাথী কার্ড খুব একটা সহায়ক নয়। এর উত্তরে রীতিমতো বিস্ফোরক হয়ে উঠেছেন দেব। তিনি সরাসরি স্বরূপ বিশ্বাসের দাদা তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রসঙ্গ টেনে এনে বলেন, “অরূপ বিশ্বাস ১৩-১৪ বছর ধরে মন্ত্রী। তিনি গ্রামে গ্রামে এই প্রকল্পের প্রচার করেন। তার ছোট ভাই যদি আজ স্বাস্থ্য সাথী নিয়ে প্রশ্ন তোলেন তবে উত্তরটা বড় ভাইয়েরই দেওয়া উচিত। অরূপদাকে গিয়ে জিজ্ঞেস করুন, স্বরূপ কেন দিদির প্রকল্পকে খারাপ বলছে।”

শনিবার সকাল থেকেই স্টুডিও চত্বরে ব্যাপক ভিড় দেখা গেছে। দেবের এই উদ্যোগের পাশে দাঁড়াতে হাজির হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, পরিচালক সুদেষ্ণা রায়, লিনা গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গুহ এবং শান্তিলাল মুখোপাধ্যায়। প্রায় সাত হাজার টেকনিশিয়ান এর মধ্যে যাদের বীমা নেই তাদের জন্য এই প্রকল্প লাইফলাইন হতে চলেছে বলে মনে করেছেন শিল্পীরা। দেবের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই শিবিরে যেসব টেকনিশিয়ানরা কার্ড করাতে আসবেন , তাদের ব্যান করা হবে বা কাজ কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে বলতে গিয়ে দেব বলে ওঠেন, “অনেকে আমাকে বলেছে কার্ড করাতে এলে নাকি ব্যান করে দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী উদ্যোগ আমার জন্য নেননি, নিয়েছেন টেকনিশিয়ানদের জন্য। স্বরূপদার তো আজ এখানে থাকা উচিত ছিল। ওঁর তো অনেক উপার্জন। ওঁর এই কার্ড দরকার নেই, কিন্তু যাদের দরকার তাদের কথা কে ভাববে?”
New Bengal Times। Edited by: Priti Karmakar
Mar 14, 2026






