লক্ষীর ভান্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেটে লক্ষীর ভান্ডার এ আরো ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার প্রস্তাব পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগেই ব্যাংকে ঢুকে যাবে বর্ধিত অর্থ। বাজেট প্রস্তাবে বলা হয়েছে চলতি ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষীর ভান্ডারের অর্থ বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ ভোটের আগেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকে যাবে। মাসে যারা এতদিন ১০০০ টাকা করে পেতেন তারা পাবেন ১৫০০ টাকা। এছাড়া তফসিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে মাসে ১২০০ করে পেতেন , ফেব্রুয়ারি থেকে তাদের বরাদ্দ বেড়ে হবে ১৭০০ টাকা।
সরকারি প্রকল্পে এখনো পর্যন্ত গ্রাহকের সংখ্যা ২ কোটি ২১ লক্ষ। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আরো ২০ লক্ষ ৬২ হাজার মহিলার আবেদন জমা পড়েছে, তাদের প্রকল্পের আওতায় আনা হবে। অর্থাৎ নতুন এবং পুরনো সকলেই বর্ধিত অর্থ পাবেন।

মহিলাদের মাসিক ৫০০ টাকা আর্থিক সহায়তা দিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের সঙ্গে সঙ্গে ৫০০ থেকে ১০০০ টাকা এবং এখন তা আরও বাড়িয়ে ১৫০০ টাকা করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে তালিকায় আরো অনেক কর্মসূচি রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে আরও ৪ শতাংশ। এছাড়া আশা কর্মীদের ভাতা ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। বলা হয়েছে, ক্ষমতায় ফিরলে আগামী আগস্ট মাস থেকে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা মাসিক ১৫০০ টাকা করে পাবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ রাজ্য বাজেট।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Feb 05, 2026






