পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে এমনিতেই উত্তাল বিশ্ব। তারই মধ্যে ফের নতুন করে পাকিস্তান ও আফগানিস্তান এর সংঘাত শুরু হয়েছে গত মাস থেকে। বারবার সীমান্ত পার করে হামলা চালাচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তান এক ভয়ঙ্কর হামলা চালালো আফগান শহরে। আফগান ইতিহাসে এমন হামলা কখনো হয়নি বলেই জানা যাচ্ছে। আফগানিস্তানের কাবুলে একটি হাসপাতালে পাকিস্তান ওই এয়ারস্ট্রাইক চালিয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। পাকিস্তানের এয়ারস্ট্রাইকে হাসপাতালে ঝলসে মৃত্যু চিকিৎসকসহ অন্তত ৪০০ জনের। আহত হয়েছেন ২৫০ এরও বেশি মানুষ। আফগানিস্তান সরকারের অন্যতম মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত তাঁর এক্স মাধ্যমে পোস্ট করে হামলার খবর জানিয়েছেন। তিনি জানান সোমবার রাত নটা নাগাদ ওই হামলার ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, ওই হাসপাতালে ২০০০ জনের চিকিৎসার বন্দোবস্ত রয়েছে। সেখানেই অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫০ জনেরও বেশি মানুষ। তবে হাসপাতালে হামলার কথা অস্বীকার করেছে ইসলামাবাদ। তাদের দাবি, হাসপাতাল নয়, সামরিক ঘাঁটি, যাকে তারা জঙ্গি ঘাঁটি বলে উল্লেখ করেছে, সেখানেই চালানো হয়েছে এই হামলা।

সোমবার রাতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। পরপর বিস্ফোরণে কার্যত জ্বলতে থাকে হাসপাতাল। এর আগে ২০২১ এ কাবুল এয়ারপোর্টে আত্মঘাতী হামলায় ১৬৯ জনের মৃত্যু হয়েছিল। তারপর আবারও এই ভয়ঙ্কর হামলা চালালো পাকিস্তান। এর আগে পাকিস্তানের যুদ্ধ বিমান কান্দাহার বিমানবন্দর, পক্তিয়ার সামরিক ঘাঁটি এবং রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। হামলা চালানো হয়েছে কান্দাহার শহরের তালিবানের আল-বদর কার্পসের সদর দফতরেও। পশ্চিম এশিয়ার যুদ্ধের যে রে এমনিতেই সংকটে রয়েছে পাকিস্তান। অর্থনীতিতে অনেক বড় প্রভাব পড়তে শুরু করেছে যুদ্ধের কারণে। এরই মধ্যে বিমান হামলা অব্যাহত রাখল ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশারফ জাইদি কাবুলের দাবি নস্যাৎ করে দিয়েছেন।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Mar 17, 2026






