পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে শান্তি আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আগমনের পূর্বে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শুক্রবার ইসলামাবাদ এর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর মতপার্থক্য নিরসন এবং চলমান এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে রূপান্তর করতে ইসলামাবাদে তাদের একটি মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হবে। সরকারি সূত্রমতে, অনুষ্ঠিত আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আজ রাতের মধ্যেই পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

এই আলোচনার জন্য ইসলামাবাদের ১০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়ন করা হয়েছে। তবে প্রতিনিধিদের আগমন নিয়ে পাকিস্তান কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। নাকভি বলেছেন, “যুদ্ধ বিরতির পর ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন করা, পাকিস্তানের জন্য একটি সম্মানের বিষয়।” এছাড়াও, তিনি আগত প্রতিনিধিদলগুলোর আতিথেয়তা ও নিরাপত্তার জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেলের নির্দেশে ইসলামাবাদ এর বিভিন্ন এলাকায় একটি বড় আকারের তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশ শহরের প্রবেশ ও প্রস্থান পথে বিশেষ চেক পয়েন্ট স্থাপন করেছে। পাশাপাশি সমস্ত টহল ইউনিট ও বিশেষ স্কোয়াড শহর জুড়ে টহল দিচ্ছে এবং নাগরিকদের জীবন ও সম্পত্তির রক্ষায় পুলিশ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।
Bengali Times। Edited by: Priti Karmakar
Apr 10, 2026






