২০১৬ সালে ১৩ জানুয়ারি এক মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল কলকাতা। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মহড়ার মাঝে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিল একটি বেপরোয়া গাড়ি। সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ভারতীয় বায়ুসেনার অফিসার অভিমুন্য গৌড়ের। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি!!
শনিবার সকালে রেড রোডে নিরাপত্তার ঘেরাটোপে কুচকাওয়াজের মহড়া চলছিল। সে সময় একটি বিলাসবহুল গাড়ী দ্রুতগতিতে রেড রোডের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করে কিন্তু, গাড়ির গতি বাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করে চালক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গার্ডরেলে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের জেরে গাড়িটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু , হতাহতের কোন খবর নেই বলেই পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, দুর্ঘটনার পরই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, গাড়িটির বীমা এবং দূষণের শংসাপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। বৈধ নথি ছাড়াই গাড়িটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। শনিবার সকালের এই ঘটনা ২০১৬ সালে কুচকাওয়াজের সময় ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ বায়ুসেনা অফিসারের মৃত্যুর কথা মনে করিয়ে দেয়।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 24, 2026






