ভারতীয় ক্রিকেট দলের তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। বিরাট কোহলির পর এবার রোহিত শর্মা। ইনদওরে ভারত নিউজিল্যান্ড তৃতীয় দিনের ম্যাচের সময় রোহিত শর্মার নিরাপত্তা ঘিরে শুরু হয় গণ্ডগোল। দলের সঙ্গে হোটেলে ঢোকার সময় হঠাৎই পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক মহিলা রোহিতের একেবারে কাছে পৌঁছে যান। এমনকি, রোহিতের হাত চেপে ধরে আমাকে বাঁচান বলে চিৎকার করতে থাকেন। রোহিত হকচকিয়ে যান। এই ঘটনার ভিডিও ঘিরে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে। কিন্তু আসলে ঘটনাটা কি জানালেন মহিলা নিজেই।
সরিতা শর্মা নামে ঐ মহিলা নিজেই জানিয়েছেন, কেন তিনি এরকম করেছেন। ভারতের প্রাক্তন অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তিনি তার কাছে চলে গিয়েছিলেন। তার মেয়ে অনিকা একটি জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন একটি ইনজেকশন, যার দাম ৯ কোটি টাকা। তাই আর্থিক সাহায্য চাইতেই তিনি এই ঘটনা ঘটিয়ে ফেলেন। সরিতা বলেন “আমার নাম সরিতা শর্মা। আমার মেয়ে আনিকা একটি জটিল রোগে আক্রান্ত। তাকে বাঁচাতে আমাদের একটি ইনজেকশন দরকার। যার তার ৯ কোটি টাকা। এটা আমেরিকা থেকে আনতে হবে। আমরা টাকা সংগ্রহের জন্য ছোট ছোট ক্যাম্প করছি। এখনো পর্যন্ত আমরা ৪.১ কোটি টাকা তুলতে পেরেছি। আমাদের হাতে সময় খুব কম।” তাঁর কথায় “ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন আমরা সাহায্যের আশায় ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। ম্যাচের সময় আমরা একটা ক্যাম্প করেছিলাম , কিন্তু তা যথেষ্ট ছিল না। আমি বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। কারণ ওঁরা শিশুদের সাহায্য করে থাকেন। আমার সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টায় আমি সেই হোটেলে গিয়েছিলাম। আবেগের বশে আমি ওঁর হাত ধরে ফেলি।” ক্ষমা চেয়ে সরিতা বলেন ” আমি বিরাট স্যার এবং রোহিত স্যারের কাছে আবেদন করতে চাই। আমি ওখানে সেলফি তুলতে যায়নি। আমি শুধু আমার সন্তানের জীবন বাঁচাতে চাই। আমার আচরণের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এছাড়া আমি আর কি করতে পারতাম জানিনা। আমি বিরাট ও রোহিতকে অনুরোধ করছি, যদি আমার এই বার্তা পান, তবে দয়া করে আমাকে সাহায্য করুন।”

New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 21, 2026






