শুক্রবার সকালে সরস্বতী পূজা উপলক্ষে দুই বন্ধু বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফিরল না। একই গাছ থেকে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার স্বরূপনগরের দত্তপাড়ায়।

মৃত দুই ব্যক্তির নাম যথাক্রমে রাজা ভদ্র (২২) এবং অন্যজন, রাকিবুল মন্ডল (১৯)। সরস্বতী পুজোর দিন সাইকেল নিয়ে দুজনেই বেরোন একসাথে। কিন্তু ঘরে ফিরলেন না আর। দুই পরিবারেরই দাবি, দুইজনকে খুন করা হয়েছে। জানা গেছে , রাজা এবং রাকিবুল ভালো বন্ধু ছিলেন। একসঙ্গে ঘোরাফেরা করতেন। সরস্বতী পূজা উপলক্ষেই দুই বন্ধু মিলে বেরোন সাইকেল নিয়ে। সারাদিন ঘোরাঘুরি করেন বিভিন্ন জায়গায়। মাঝে পরিবারের লোকজনের সাথে কথাও বলেন তাঁরা। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও , বাড়ি না ফেরায় চিন্তিত হয় পরিবার। ফোন করা হয় দুজনকে। রাজার ফোন বন্ধ পায় পরিবার এবং রাকিবুলের ফোন রিং হলেও ফোন তোলেনি কেউ। অবশেষে, শনিবার ভোরে দত্তপাড়া এলাকায় একটি আমবাগানে একই গাছে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার মানুষজন। সাথে সাথে থানায় খবর দেওয়া হয় এবং পরিবারের লোকজনকেও জানানো হয়। স্বরুপনগর থানার পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। মৃত রাকিবুলের বাবা রবিউলের কথায় “ছেলের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল, সেই মেয়ের পরিবার আমার ছেলেকে খুন করেছে বলে আমার ধারণা।” পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 24, 2026






