কাশ্মীরে ঢুকে পড়েছে জইশ জঙ্গিরা। যার জেরে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনারা। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই কিশুওয়ারে পৌঁছে যায় ভারতীয় সেনা এবং নিরাপত্তা রক্ষীদের যৌথ বাহিনী। জঙ্গিদের খোঁজে গ্রামে গ্রামে চলছে চিরুনিতল্লাশি।
কাশ্মীরে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহাম্মদের সদস্যরা ঢুকে পড়েছে বলে অনুমান গোয়েন্দাদের। তাদের ঠেকাতেই নানারকম বন্দোবস্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। গত সপ্তাহে কাশ্মীরের কাঠুয়াতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক পাকিস্তানি জঙ্গির। তার সঙ্গেও জইশ গোষ্ঠীর যোগাযোগ ছিল বলে অনুমান গোয়েন্দাদের। গত শুক্রবারের ঐ ঘটনার এক সপ্তাহের মাথায় ফের কিশুওয়ারে জইশ গতিবিধির খবর মিলেছে। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে এই পাকিস্তানি গোষ্ঠীর সক্রিয় হতে চাইছে বলে অনুমান গোয়েন্দাদের।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। জঙ্গিরা একে অপরের সাথে যাতে যোগাযোগ করতে না পারে তাই কিশুওয়ারের বিস্তীর্ণ অংশে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাত ১২টা পর্যন্ত ওই সমস্ত এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে। বারামুলার সিংহপোরা, কিশুওয়ারে ছক্র এবং চিঙ্গম এলাকায় ইন্টারনেট বন্ধ রয়েছে। ২জি, ৩জি, ৪জি বা ৫জি কোন পরিষেবায় শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পাওয়া যাবে না। পুলিশ জানিয়েছে, এই সমস্ত এলাকার ৬ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত ইন্টারনেট মিলবে না নিরাপত্তা জনিত কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দাদের অনুমান ছক্র এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। নিরাপত্তার ফাঁক গলে পাকিস্তান থেকে তারা ভারতে ঢুকে পড়েছে। চিরুনি তল্লাশি চলছে নইদগাম, আরিগাম দ্বাথর এলাকায়। এখন পর্যন্ত কাউকে ধরা যায়নি।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 30, 2026






