চৈত্র মাস শেষ হতে এখনো কয়েক দিন বাকি। তারপরেই গ্রীষ্মের আগমন। তবে গ্রীষ্মের আগমন ঘটার আগেই শুরু হয়েছে দাবদাহ। বৈশাখ পড়ার আগেই পারদ চড়বে পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসের সাথেই জানানো হয়েছে গরম বাড়বে কলকাতাতেও। গত কয়েক দিন ধরে ঝড়বৃষ্টির যে অনুকূল পরিস্থিতি ছিল আপাতত তার আর কোন সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো ও গরম আবহাওয়া থাকবে। রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। এছাড়াও বীরভূম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা যাচ্ছে, গরমের অস্বস্তি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের চড়া তাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়।
Bengali Times। Edited by: Priti Karmakar
Apr 12, 2026






