দিনের অসহনীয় গরম এবং রাতের শীতল বৃষ্টির মধ্য দিয়ে মানুষ এখন বেশ অদ্ভুত এক আবহাওয়ার সম্মুখীন হচ্ছে। দিনের বেলায় সূর্যের তেজ বাড়ার সাথে সাথে সবাই একেবারে অবসন্ন হয়ে পড়ে। বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে যার ফলে দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সকাল থেকে প্রচন্ড গরম থাকলেও, স্বস্তির বিষয় হলো বিকেলের বৃষ্টি। বৃহস্পতিবার কলকাতার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবং শুক্রবার বিকেলে ঝড়ের সম্ভাবনাও ছিল। তবে শনিবার কি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে?

আবহাওয়া দপ্তরের মতে একটি নিম্নচাপ ও একটি সক্রিয় ঘূর্ণিঝড় সঞ্চালন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আদ্রতা টেনে আনছে। এর ফলেই বড় কিউমুলনিম্বাস মেঘ থেকে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে গরম আরও বাড়বে। আবহাওয়া দপ্তর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সতর্কতা জারি করেছে। শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাসে দার্জিলিং ও জলপাইগুড়িতে বৃষ্টির কথা বলা হয়েছে, এবং রবিবার পর্যন্ত ঝড়ের সর্তকতা জারি রয়েছে। তবে আগামী সাত দিনে তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। শনিবার মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং পূর্ব বর্ধমানের মত জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে তবে অন্যান্য জেলা শুষ্ক থাকবে, বৃষ্টি কমার সাথে সাথে আগামী দুই দিন দক্ষিণ বঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
Bengali Times। Edited by: Priti Karmakar
Apr 18, 2026






